অভয়নগর (যশোর) প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের অভয়নগরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে যশোর-খুলনা মহাসড়কের মজুমদার অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মশোরহাটি গ্রামের মৃত হাকিম গাজীর ছেলে আমজেদ মোল্যা (৫৫) এবং তার ফুফু লক্ষ্মীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিয়া বেগম (৬৫)।
নিহতের স্বজন ফরহাদ মোল্যা জানান, আমজেদ মোল্যা ও তার ফুফু আছিয়া বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে মেয়ের বাড়ি বসুন্দিয়ায় যাচ্ছিলেন। পথে মজুমদার অয়েল মিলের সামনে গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই জন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজনীন নিগার জানান, বাস-মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা দুইজনকে হাসপাতালে আনা হয়।
হাসপাতালে ভর্তির আগেই আমজেদ মোল্যাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং অপরজন আছিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) গড়াই বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।