বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গ্রামীণ সড়ক উন্নয়নকে আরও পরিকল্পিত, টেকসই ও জনবান্ধব করতে যশোরের বাঘারপাড়ায় কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাঘারপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে কোর রোড নেটওয়ার্কের আওতায় মূল্যায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় জনগণের চলাচল, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সার্বিক যোগাযোগ ব্যবস্থায় যেসব সড়কের গুরুত্ব বেশি, সেগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জুলহাজ উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। আলোচক হিসেবে বক্তব্য দেন বেটন জিআইএস বিশেষজ্ঞ আব্দুল্লাহ।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।