নিউজ ডেস্ক
শনিবার (১২ সেপ্টেম্বর) ২০২৬, সন্ধ্যা ৭টা ৪৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ কার্যক্রম সার্বক্ষণিক তদারকি এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এ কন্ট্রোল রুম পরিচালিত হবে। কার্যক্রমটি ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিফটে চলবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দায়িত্ব পালন করবে।
কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)। এ কার্যক্রমে ২৭টি দল গঠন করা হয়েছে, যার প্রতিটিতে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক রয়েছেন।
কন্ট্রোল রুমের অন্যতম প্রধান দায়িত্ব হলো জেলা ও উপজেলা পর্যায় থেকে সারসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা। এছাড়া সার পরিবহনে অনিয়ম, কৃত্রিম সংকট, অবৈধ মজুদ, কালোবাজারি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
কৃষক, সার ডিলার ও পরিবহনকারীদের কাছ থেকে পাওয়া অভিযোগ গ্রহণ এবং জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কন্ট্রোল রুম।
প্রতিদিনের সার পরিস্থিতি, অভিযোগ ও গৃহীত ব্যবস্থা রেজিস্টারে লিপিবদ্ধ করে দৈনিক ও সাপ্তাহিক প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত সারসংক্রান্ত তথ্য যাচাই করে মাঠপর্যায়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য ধফফষভসর@সড়ধ.মড়া.নফ ই-মেইল এবং ০৫০৩৫১ নম্বর ব্যবহার করতে বলা হয়েছে।