আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬), বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টিতে রাজশাহীর পদ্মা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী ও চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে পানিবন্দি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, পদ্মা নদীর পানি বিপৎসীমার মাত্র শূন্য দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় গোদাগাড়ী, পবা, চারঘাট ও বাঘা উপজেলার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সন্ধ্যা ৬টায় রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ৩৯ মিটার, যেখানে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পানি বেড়েছে শূন্য দশমিক ১৭ মিটার। পানি বাড়ার ফলে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে যাচ্ছে এবং কাঁচা সড়ক ডুবে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
চরাঞ্চলের বাসিন্দারা জানান, পানি দ্রুত বাড়ায় তারা গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। এছাড়া নদীভাঙন আতঙ্কে নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন।
নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি
পদ্মার পানি বৃদ্ধির কারণে নিরাপত্তার স্বার্থে টি-বাঁধ এলাকায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে টি-বাঁধ এলাকার ব্যবসায়ীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে পাউবো।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, তারা সার্বক্ষণিক পানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে চর ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভাঙনপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।