মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
সোমবার (১২ অক্টোবর), সন্ধ্যা ৭টা ১২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেনকিফান্দা গ্রামে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশ জানায়, দুর্গাপুর থানা পুলিশের রাত্রীকালীন বিশেষ অভিযান ও মাদক-চোরাচালান বিরোধী ডিউটি চলাকালে এসব পণ্য উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা গ্রামে ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ফেয়ারডিল পাওয়া যায়।
দুর্গাপুর থানার এসআই (নিঃ) রাসুল সাঈদী আজাদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে মাদকগুলো থানায় নিয়ে আসা হয়।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ পুলিশ এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এসব মাদকের ব্যাপারে জানতে পারি।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকের মালিক বা এর সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।