নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭টা ৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় সরকারি কর্মকর্তাদের যোগসাজশের প্রমাণ মিলেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
২৪২টি পদের বিপরীতে এই নিয়োগ পরীক্ষায় প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী আবেদন করেন। গত ১১ অক্টোবর পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে ফাঁস হওয়া প্রশ্নের কপি চ্যানেল ২৪-এর হাতে আসে। এরপর অধিদপ্তর পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করে এবং ঘটনার তদন্তে কমিটি গঠন করে।
অনুসন্ধানে জানা যায়, রংপুরের পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম এই চক্রের সঙ্গে জড়িত। তথ্য-প্রমাণ অনুযায়ী, রুবেলের সরবরাহ করা প্রশ্ন কয়েক হাত ঘুরে পরীক্ষার দিন সকালে চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছাত। শুধু যুব উন্নয়ন নয়, সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসেও রুবেল জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া যায়।
রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। চক্রের মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।