ডেস্ক রিপোর্ট
শনিবার (৭ নভেম্বর), ২০২৬ | ভোর ২টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সীমান্তের ৬১/১-এস মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় মনিরুলকে আটক করে ভারতের কৃষ্ণনগর জেলার শান্তিনগর হাসপাতালে ভর্তি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মনিরুলসহ সাতজন অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোঁড়ে। এতে মনিরুলের পিঠে রাবার বুলেট এবং পায়ে গুলি লাগে। এ সময় তার সঙ্গে থাকা অন্য ছয়জন পালিয়ে গেলেও বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে আটক করে নিয়ে যায়।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টিটু জানান, সন্ধ্যার পরপরই সীমান্তবর্তী কাঁটাতারের কাছ থেকে গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে তিনি জানতে পারেন, মনিরুল ইসলামকে বিএসএফ আহত অবস্থায় আটক করে নিয়ে গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, একজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলির শব্দ শুনে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত ও জনসাধারণের নিরাপত্তার স্বার্থে পাল্টা ফায়ার করে।
ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ব্যাপারে অধিনায়ক পর্যায়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।