মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি সরকারি কলেজের সামনে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য নির্মিত যাত্রী ছাউনির জায়গা দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির বিরুদ্ধে। এতে কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত শুক্রবার রাতে সরেজমিনে দেখা যায়, যাত্রীদের বসার নির্ধারিত ছাউনির একটি অংশ দখল করে নতুন দোকান নির্মাণ করা হয়েছে, যা ছাউনির জায়গা সংকুচিত করে ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ, আগে যাত্রী ছাউনিতে পর্যাপ্ত জায়গা থাকায় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যানবাহনের জন্য অপেক্ষা করতে পারতেন। কিন্তু নতুন দোকান নির্মাণের ফলে সেই সুযোগ কমে গেছে। বিশেষ করে কলেজ ছুটির সময় শিক্ষার্থী ও যাত্রীদের বাড়তি ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
যাত্রী ছাউনির পুরাতন দোকান মেহমান স্টোরের ভাড়াটিয়া শাহ আলম বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে এখানে দোকানদারি করছি। আগে যাত্রী ছাউনিটি আরও বড় ছিল। প্রায় দুই মাস আগে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর অতিরিক্ত ভাড়া আদায়ের উদ্দেশ্যে নতুন দোকানটি নির্মাণ করা হয়েছে।”
নতুন দোকানের ভাড়াটিয়া শুভর বাবা বাচ্চু জানান, দোকানটি তিন লাখ টাকা সালামিতে ভাড়া নিয়েছেন তারা। তিনি বলেন, “আমরা দুই লাখ টাকা পরিশোধ করেছি এবং বাকি এক লাখ টাকা পরিশোধ করব। লিখিত চুক্তির মাধ্যমেই দোকানটি ভাড়া নেওয়া হয়েছে।”
কর্তৃপক্ষের বক্তব্য
রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নাসিমুল হক বলেন, “গতকাল রাতে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে জেনেছি জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের অধীন। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগই ব্যবস্থা নিতে পারবে।”
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. রাহাত আলম বলেন, “বিষয়টি আমি অবগত নই। আমি এখনই খবর নিচ্ছি। সরকারি জায়গায় অবৈধভাবে যাত্রী ছাউনি দখল করে দোকান নির্মাণ করা হলে অফিসিয়ালি ব্যবস্থা নেওয়া হবে।”
দোকান নির্মাণ ও যাত্রী ছাউনির জায়গা সংকুচিত করার বিষয়ে জানতে বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মো. ফাহিমের সঙ্গে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।