জেলা প্রতিনিধি
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৩২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
খুলনা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে ভবনের সামনের সড়ক থেকে মোটরসাইকেলে এসে এই হামলা চালানো হয়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
প্রহরী জানান, রাত ১২টার দিকে তিনি ভেতরে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক সিটি করপোরেশনের সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেখানে দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন দ্রুত নিভে যায় এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, “খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বোমাটি সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয় ও পুলিশের সহায়তায় তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা শুরু করেছে।”