জেলা প্রতিনিধি
শুক্রবার (২০ নভেম্বর) ২০২৬, বিকেল ৩টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাছারিবাড়ি এলাকায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দিলে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত খানপুর ইউনিয়নের কাছারিবাড়ি এলাকায় অবস্থিত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা জড়িত। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”