নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শুক্রবার (২০ নভেম্বর ২০২৬), বিকেল ৫টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলা এসব অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের আওতাধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। রিজিয়নের অধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন এবং ১১৬টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল পরিচালিত হচ্ছে।
অভিযানে জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯ কেজি ৩৪৯ গ্রাম স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি এবং ৯৪ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি। এ ছাড়া তিন হাজার ১৯২ বোতল বিদেশি মদ, দুই কেজি ৪২৮ গ্রাম হেরোইন, ২০৭ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৭৭ হাজার ৪৭৮ পিস ইয়াবা, এক হাজার ৫৭৮ বোতল ফেনসিডিল, সাত কেজি ৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ২২ হাজার ৭৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে।
সীমান্তে নজরদারি ও টাস্কফোর্স
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি নজরদারি জোরদার করেছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযানও পরিচালিত হচ্ছে।
যশোর রিজিয়নের আওতাধীন খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৩০.৭২৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। গত ছয় মাসে ব্যাটালিয়নটির অভিযানে ৩৪ কোটি ২৯ লাখ ৪৭ হাজার ৫৩৯ টাকা মূল্যের মাদকদ্রব্য এবং ৯ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৮২৩ টাকা মূল্যের অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব অভিযানে ৮৮ জন আটক হয়েছেন।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে। বিশেষ করে গোপালগঞ্জ জেলার অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। মাদক পাচার, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছে বিজিবি।