তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শিল্পপ্রতিষ্ঠানগুলো চাকরিপ্রার্থীদের ৯০ শতাংশ সিভি ডাস্টবিনে ফেলে দেয় বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। তিনি বলেন, চাকরিপ্রার্থীদের মধ্যে মাত্র ১০ শতাংশের সিভি বাছাই করে পরীক্ষা নেওয়া হয়। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ‘আইডিয়া শেয়ারিং অন একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রী অর্জন করলেই হবে না, নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। যেকোন শিল্পপ্রতিষ্ঠান যখন চাকুরী প্রার্থীদের সিভি বাছাই করে তখন শতকরা ৯০ ভাগ ডাস্টবিনে ফেলে দেয়, শতকরা মাত্র ১০ ভাগ সিভি টেবিলে রাখে এবং পরীক্ষা নেয়। পরীক্ষায় দেখা হয় এই প্রার্থী দিয়ে প্রতিষ্ঠানের কী উপকার হবে। আর একজন প্রার্থী তখনই একটি প্রতিষ্ঠানকে ভালো কিছু দিতে পারবে, যখন তার যোগাযোগ দক্ষতা ভালো হবে। যার যোগাযোগ দক্ষতা যত ভালো সে ততো বেশি এগিয়ে যেতে পারবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত। তোমরা সরকারের প্রতি আস্থা রাখো তাঁর নেতৃত্বে আগামী ৫ বছরে বাংলাদেশ এক চমৎকার দেশে পরিণত হবে ইনশাল্লাহ।’
প্রধান অতিথি আরও বলেন, ‘সবার আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। নির্বাচনের আগে আমিও আমার লক্ষ্য নির্ধারণ করেছিলাম। আমার দ্বারা কী করা সম্ভব তা ঠিক করেছিলাম। নির্বাচনের তিন মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিশালে নিয়ে এসেছি। নজরুল জয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ত্রিশালে এনেছি। সারা দেশে নজরুল বর্ষ ঘোষণা করাসহ ত্রিশালকে নজরুল সিটি হিসেবে ঘোষণা দেওয়াতে পেরেছি। এছাড়া ত্রিশালে ইনশাল্লাহ বিমান বন্দর স্থাপন করার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি।’
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাওয়া হলো তোমরা চাকুরী খুজবে না, বরং সবাইকে চাকুরী দিবে। অর্থাৎ তোমাদের উদ্যোক্তা হতে হবে। এর জন্য তোমাদের সার্বিক সহযোগিতা দিবে সরকার। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হলো একাডেমিয়া ইন্ডাস্ট্রি কোলাবোরেশন। সরকার যা বলেছেন তাই বাস্তবায়ন করছেন। মাত্র ৮ মাসের সরকার ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কোলাবোরেশন সম্পন্ন করেছে। এই সেমিনার দেশের ৩৬তম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। আপনারা সরকারের উপর আস্থা রাখুন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ সঠিক পথেই এগোচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগামী বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি ভাষা শিক্ষা চালু করা হবে। চায়নিজ, কোরিয়ান এবং আরবী ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে।’ আগত প্রতিনিধি অথবা তাদের শিল্প প্রতিষ্ঠানের দক্ষ প্রশিক্ষদের দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে পাঠদান, প্রশিক্ষণ ও জব ফেয়ার আয়োজন করে সম্পর্ক জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন।
সেমিনারের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবার আগে ওন করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়কে ধারণ করে সকলের সহযোগিতায় কাজ করে যাচ্ছি। এই সেমিনারের মাধ্যমে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রি কোলাবোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ভবিষ্যতে আমরা আরও এমন সেমিনারের আয়োজন করবো যেন শিক্ষার্থীদের মাঝে আগ্রহ তৈরি হয়। আমরা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউজিসি’র সার্বিক সহযোগিতা পাচ্ছি। আমরা ৩টি তৃতীয় ভাষা শিক্ষার ব্যবস্থা করে আশপাশের বেকার জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। এছাড়া বিজ্ঞানের বিষয়ে এই বিশ্ববিদ্যালয় অনেক পিছিয়ে রয়েছে, ইউজিসির সহযোগিতায় বিজ্ঞানের বিষয়গুলো খোলার ব্যবস্থা করা হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)- এর পরিচালক প্রফেসর ড. এ এইচ এম কামাল। উক্ত সেমিনারে ২০টি শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারে সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. তানজিল হোসেন ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রাজু আহমেদ, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), আইন অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী, বিভাগীয় ও দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লি., বাদশা গ্রুপ, থার্ড আই, মেঘনা গ্রুপ, রানার অটোমোবাইলস, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক এবং কনজ্যুমার নিটেক্স লি.-এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাদের মূল্যবান পরামর্শ ও করণীয় সম্পর্কে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। উপস্থিত শিক্ষার্থীগণও তাদের আকাঙ্ক্ষা সেমিনারে ব্যক্ত করেন।