ডেস্ক রিপোর্ট।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ার উপজেলার তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি ‘বোমা জাহিদ’ অবশেষে মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম থেকে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চট্টগ্রামের ইপিজেড এলাকার এক পোশাক কারখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক জাহিদ হাসান(৪০)যশোরের বাঘারপাড়া এলাকার মৃত আকবর সরদারের ছেলে। এলাকায় ‘বোমা জাহিদ’ নামে পরিচিত এই সন্ত্রাসীর বিরুদ্ধে যশোরে বাঘারপাড়া ও কোতোয়ালী থানায় অস্ত্র ডাকাতি-মাদক , প্রতারণা ও দাঙ্গাবাজি, বিস্ফোরণসহ অভিযোগে ৯টি এবং ঢাকার রমনা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা আছে। এসব মামলায় গ্রেপ্তার এড়াতে যশোর থেকে পালিয়ে সে চট্টগ্রামে চলে আসে।
র্যাবের চট্টগ্রাম জোনের সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার তাহিয়াদ আহমেদ চৌধুরী বলেন, যশোরের ৯টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতার এড়াতে এক বছর আগে জাহিদ চট্টগ্রামে চলে আসে। নিজের নাম পাল্টে নাহিদুল ইসলাম সজিব এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও র্যাবের সাবেক সদস্য পরিচয়ে মিথ্যা তথ্য দিয়ে চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানায় প্রহরীর কাজ করতো। সর্বশেষ সিইপিজেড এলাকায় এমজেডএম নামে একটি কারখানায় কর্মরত ছিলো। ওই কারখানায় সে তিন মাস আগে যোগ দিয়েছিলো। যশোরে তার এক স্ত্রী ও দুই সন্তান আছে। চট্টগ্রামে এসে আরেকটা বিয়ে করে। কিন্তু যশোরে যাতায়াত ছিলো। দুই স্ত্রী থাকার পরও জাহিদ চট্টগ্রামে এক পোশাক শ্রমিকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়। গত আগস্টে তাকে বিয়ে করার কথা বলে যশোর নিজের বাড়িতে নেয়ার আশ্বাস দিয়ে ঢাকায় নিয়ে যায়। ঢাকার একটি আবাসিক হোটেলে রেখে তাকে ধর্ষণ করে। পরে ওই নারীকে হোটেল রুমে রেখে সাথে থাকা ৩৮০০ টাকা ও সোনার চেইন নিয়ে সটকে পড়ে । পরে ভিকটিম রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলাতেই জাহিদ হাসানকে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।