মুজিব নগর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ছেলের আত্মহত্যা সইতে না পেরে আত্মহত্যা করেছেন মা বিউটি খাতুন বছিরন। ঘটনাটি ঘটেছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে।
মৃত বছিরন ৩ সন্তানের জননী এবং ওই গ্রামের মাছ ব্যবসায়ী রমজান আলীর স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আম গাছের ডাল থেকে বছিরনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, বছিরনের ছোট ছেলে রাসেল (১৮) বাড়ির কাজ-কর্ম নিয়ে অভিমানে ১০ দিন আগে বিষপান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এ সময় তার শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক প্রথমে মেহেরপুর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যায় মেহেরপুর শহরে পৌঁছানোর পরই তার মৃত্যু হয়। এদিন রাত ১০টার দিকে ভবরপাড়া গ্রামে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে রাসেলের দাফন সম্পন্ন হয়।
এদিকে দাফনের পরই তার মা বছিরন বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন রাতে তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে আজ সকাল ৬টার দিকে বাড়ির পাশে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী বগার একটি আমগাছের ডাল থেকে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় বছিরনের ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা।
এ সময় মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বছিরন গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।