বোয়ালমারীতে পুকুরে বিষ (গ্যাসের ট্যাবলেট) প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে খননকৃত পুকুরে প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে বলে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কামরুল ইসলাম বাদি হয়ে থানায় বুধবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের পুর্বভাটদি গ্রামের কানাই মল্লিকের ছেলে মুকুল মল্লিক (৪৮) ও চুন্নু মল্লিকের (৫২) সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে একই ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের জলিল মোল্যার ছেলে কামরুল ইসলামের ঝাঁমেলা চলছিলো। মুকুল মল্লিকের চাচা চাঁন মল্লিকের কাছ থেকে ক্ষতিগ্রস্থ পুকুরের জমিসহ কয়েক খানা জমি ক্রয় করে ক্ষতিগ্রস্থ কামরুল ইসলামের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। এরপর থেকেই অভিযুক্তরা বিভিন্ন সময় তার (মুকুল মল্লিক ও চুন্ন মল্লিক) চাচার বিক্রিত জমি দখল করার পায়তারা চালাছিলো। ভুক্তভোগীদের ধারণা পুকুরের সাথে জমি নিয়ে বিরোধ জের ধরেই প্রতিপক্ষরা তাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে গেছে এবং বিষ (গ্যাসের ট্যাবলেট) দিয়ে মাছ মেরে ফেলেছে।
কামরুল ইসলাম বলেন, ভাটদি গ্রামের মুকুল মল্লিক ও চুন্নু মল্লিকের চাচার কাছ থেকে জমি ক্রয় করার পর থেকেই তাদের সাথে আমাদের বিরোধ চলছিলো। বুধবার সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখতে পাই, মাছ মরে ভেসে উঠেছে। এমনকি মুকুল মল্লিকের বাড়িতে গিয়েও আমার পুকুরের মাছ দেখতে পাই। এ সময় তাদেরকে মাছ মারার বিষয়ে জিজ্ঞাসা করলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ভয়ভীতি ও খুন জখমের হুমকি দেয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ওসি মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুকুরে কিছু মরা মাছ দেখতে পেয়েছি। মনে হচ্ছে কেউ পুকুর থেকে মাছ চুরি করে নিয়েছে এবং বিষাক্ত কিছু পানিতে ছিটানো হয়েছে। এমনকি পুকুর মালিকরাও দুইদিন আগে পুকুর থেকে কিছু মাছ ধরেছে এটাও জানতে পেরেছি।
পুকুরে বিষ প্রয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান, পুকুরটিতে পানি কিছুটা কম। সরাসরি বিষ বলতে পারছি না। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের সময়ডটকম