কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে শিল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত যুবকের নাম রাশিদুল মণ্ডল (২৫)। তিনি শান্তিডাঙ্গা গ্রামের খবির উদ্দিনের বড় ছেলে। ঘটনার পর থেকে আত্মগোপনে আছেন নিহত রাশিদুলের ছোট ভাই শহিদুল মণ্ডল। এই ঘটনা নিহতের বাবা বাদী হয়ে ইবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত রাশিদুলের স্বজনেরা বলেন, বেশ কিছু দিন আগে শহিদুলের বাড়ি থেকে পানি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মোটর চুরি হয়ে যায়। এতে বড় ভাই রাশিদুলকে সন্দেহ করেন শহিদুল। চুরির ঘটনায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাশিদুল ও শহিদুলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শহিদুল মসলা পেষার শিল দিয়ে রাশিদুলের মাথায় আঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় রাশিদুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, চুরির অভিযোগে রাশিদুলের পুলিশের হাতে ধরা পড়ার রেকর্ড আছে। মূলত বাড়িতে পানির মোটর চুরিকে কেন্দ্র করে এবং দীর্ঘদিন ধরে পারিবারিক কলেজে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে রাশিদুলের ছোট ভাই শহিদুল পলাতক। অভিযুক্ত শহিদুলকে ধরতে পুলিশে অভিযান রয়েছে।