নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে কদবেল গাছ থেকে ইমাম হোসেন(২২) নামে এক তরুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পরিবারের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে বুধবার বেলা সাড়ে নয়টার দিকে উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের নাগবাটি গ্রাম থেকে ঐ মৃতদেহ উদ্ধার করা হয়।
ইমাম মঙ্গলবার রাতের বাসযোগে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ঢাকার শাহজাদপুর এলাকার খিলপাড়ার একটি মুদি দোকানের কর্মচারী ইমাম একই গ্রামের মুজিবর রহমান মোল্যার একমাত্র ছেলে। বসতবাড়ির পিছে একটি কদবেল গাছে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মৃতদেহ ঝুলছিল। দেড় বছর বয়সী তার একটি সন্তান রয়েছে।
নিহতের পিতা মুজিবর রহমান জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করছে। নিজের পছন্দে বিয়ে করে শাহাজাদপুরের খিলপাড়া এলাকায় বসবাসের পাশাপাশি শ্বশুরের দোকানে কর্মরত ছিল। মুজিবর রহমান আরও জানায় ছেলে বাড়িতে ফেরার বিষয়ে তাদেরকে আগে থেকে কিছু জানায়নি। বুধবার সকাল সাড়ে আটটার দিকে এলাকার শিশুরা বাড়ির পিছের দিকে খেলা করতে যেয়ে মৃতদেহ ঝুলতে দেখে। পরবর্তীতে ঘটনাস্থলে পৌছে তারা গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলন্ত ঐ তরুণ কে নিজের সন্তান বলে শনাক্ত করেন।
শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তার পকেট থেকে রাত আটটায় ছেড়ে আসা এইচআর পরিবহনের একটি টিকিট উদ্ধার করা হয়েছে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।