পারিবারিক কলহের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী শাহনাজ বেগমকে (২৫) কুপিয়ে হত্যার অভিযোগ স্বামী শিহাব উদ্দিনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর সেকান্দর এলাকার সুজনগ্রামে ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নিহত শাহনাজ বেগম চর সেকান্দর এলাকার বাসিন্দা। তার স্বামী শিহাবের বাড়ি একই উপজেলার শ্যামল গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রামগতি উপজেলার সুজনগ্রামের একটি মসজিদে মুয়াজ্জিনের কাজ করতেন শিহাব উদ্দিন। এই সুবাদে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রী শাহনাজ বেগমসহ বসবাস করতেন। সকালে অন্যত্র খাসি জবাই করে বাসায় ফিরেন শিহাব। এ সময় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে শিহাবের হাতে থাকা ধারালো চুরি দিয়ে স্ত্রী শাহনাজ বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন তিনি। পরে ঘরে শাহনাজ বেগমের মরদেহ ফেলে পালিয়ে যায় শিহাব। ঘটনার কিছুক্ষণ পর ঘর থেকে রক্ত বের হতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে। তবে স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। অভিযুক্ত স্বামী শিহাব উদ্দিনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সময় নিউজ