বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে মৃত্যুদণ্ডের চার আসামি পালিয়েছিলেন। পালিয়ে যাওয়ার পর তাদের আটক করেছে পুলিশ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।
আটককৃত কয়েদিরা হচ্ছেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. নজরুল মজনু ওরফে মঞ্জু (৬৮) (কয়েদি নং- ৯৯৮/এ), নরসিংদীর মাধবদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে মো. আমির হামজা ওরফে আমির হোসেন (কয়েদি নং- ৫১০৫/এ), বগুড়ার কাহালুর উলট্র পূর্বপাড়ার মো. মান্নানের ছেলে মো. জাকারিয়া (৩৪) (কয়েদি নং- ৩৬৮৫/এ) ও একই জেলার কুটুরবাড়ি পশ্চিমপাড়ার মৃত ইসরাইল শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩০) (কয়েদি নং-৪২৫২/এ)।
এসপি জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার কয়েদি জেলা কারাগারের ছাদ ফুটো করে ও দেয়াল টপকে বেরিয়ে গিয়েছিলেন। তবে কারাগারের আশপাশ থেকেই তাদের পুনরায় গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি। সকাল ৮টা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।