ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকায় পুলিশ চেকপোস্টে এক যুবকের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত ১২টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. রাকিব হাসান (৪০)। তিনি বরিশালের বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঢাকার মহাখালী সাততলা সংক্রামক ব্যাধি হাসপাতাল কোয়ার্টারে বসবাস করছেন।
পুলিশ জানায়, রাতে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলেন রাকিব হাসান। তাকে থামিয়ে তল্লাশি চালানো হলে একটি বিদেশি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “রাতে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের তৎপরতায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা সম্ভব হয়েছে। এটি আমাদের নিয়মিত অভিযানেরই অংশ।”
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিব হাসান অস্ত্রটির কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
এ ছাড়া আটক ব্যক্তির সঙ্গে কোনো অপরাধী গোষ্ঠী বা চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি।