নড়াইল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও তার ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বাহিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই এলাকার জাহাঙ্গীর শেখ (৫৫) ও তার ছেলে নাহিদ শেখ (২০)। এ ঘটনায় প্রতিপক্ষের একজন আহত হয়েছেন, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল জাহাঙ্গীর শেখ ও মান্দার শেখের পরিবারের মধ্যে। ঘটনার দিন সকালে জাহাঙ্গীর শেখ মাঠে পাট কাটতে গেলে মান্দার শেখ ও তার ছেলেদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীর শেখকে কুপিয়ে হত্যা করে।
আহত অবস্থায় জাহাঙ্গীরের ছেলে নাহিদ শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নড়াইল সদর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, “জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।