দূর্গাপুর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি বসতঘর থেকে এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে এই মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে।
মৃতরা হলেন সোহাগ মিয়া (২৯) ও তার স্ত্রী ঝুমা আক্তার (১৯)। পুলিশ জানিয়েছে, তারা দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের বাসিন্দা। এক বছর আট দিন আগে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল বলে জানা গেছে।
শনিবার রাতে তারা প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। কিন্তু রোববার সকালেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ঘরের দরজা খুলে ঘরের আড়ায় তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ এখনো এই মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।