নোয়াখালী প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আহমদ মিয়া ওরফে শেকা মিয়া (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জীবদ্দশায় বিনা পারিশ্রমিকে চার শতাধিক কবর খুঁড়ে মানবিক অবদান রাখা এই ব্যক্তি রোববার (২০ জুলাই) সন্ধ্যায় নিজ বাড়িতে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, সেদিন সন্ধ্যায় শেকা মিয়া নিজ বাড়ির একটি টিউবওয়েলের পাশে বৈদ্যুতিক বাতি লাগানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেখ আহমদ মিয়া সুবর্ণচরের চর জুবলী ইউনিয়নের চেরামত আলী দফাদারবাড়ির বাসিন্দা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা মুজাহিদুল ইসলাম জানান, আশপাশের গ্রামে কেউ মারা গেলে শেকা মিয়া স্বেচ্ছায় গিয়ে কবর খুঁড়তেন। এ কাজের বিনিময়ে কখনোই কোনো পারিশ্রমিক নিতেন না। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল জানান, “নিখুঁতভাবে কবর খোঁড়ার জন্য এলাকাবাসীর কাছে তার আলাদা সুনাম ছিল।”
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন মিয়া বলেন, এ বিষয়ে থানায় কেউ অবহিত না করলেও পরে খোঁজ নিয়ে তিনি ঘটনাটি জেনেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।