নিজস্ব প্রতিনিধি।
বিশ্ব মৃত্তিকা দিবসের চেতনাকে ধারণ করে মাটি রক্ষা, দূষণমুক্তকরণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবসে মাটির স্বাস্থ্য সুরক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “সুস্থ কৃষির জন্য স্বাস্থ্যকর মাটি”।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাটের হাসারচক গ্রামে এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে বারসিকের সহযোগিতায় স্থানীয় জনগোষ্ঠী ও গ্রীন কোয়ালিশন এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এবং ফেস্টুনের মাধ্যমে উপকূলীয় কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় মাটির ভূমিকা, মাটি নষ্ট হওয়ার কারণ ও করণীয় তুলে ধরা হয়।
ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রীন কোয়ালিশন এর সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষানী চম্পা মাঝি, সন্ধ্যা রানী, হাসিনা বেগম, কনিকা রানী, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, মনিকা পাইক, বরষা গাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা রাজীব বাছাড়, শাপলা কিশোরী সংগঠনের সদস্য ধৃতিমা মন্ডল ও কৃষাণী মিতা রানী প্রমুখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে মাটির স্বাস্থ্য প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। কৃষিনির্ভর দেশের টেকসই খাদ্য ব্যবস্থা, পুষ্টি ও জীবন-জীবিকার মূল ভিত্তি হলো মাটি, অথচ অতিমাত্রায় রাসায়নিক সার, জনসংখ্যা বৃদ্ধি ও অযত্নের কারণে দিন দিন মাটি বন্ধ্যা হচ্ছে। এক সময় উর্বর এ জীবন্ত মাটি আজ উৎপাদনশীলতা হারাচ্ছে।
বক্তারা আরও জানান, মাটির এই অবক্ষয় রোধে সবাইকে সচেতন হতে হবে, নইলে ভবিষ্যতে বসবাস ও কৃষিকাজ উভয়ই কঠিন হয়ে পড়তে পারে।
এসময় স্থানীয় জনগণ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রতিনিধি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম, গ্রীন কোয়ালিশন ও উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।