ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রাম বন্দরে একসঙ্গে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী চারটি জাহাজ ভিড়েছে, যার মাধ্যমে দেশে মোট ১ লাখ ৩৮ হাজার টন পরিশোধিত তেল এসেছে। এতে ডিজেল ও অকটেন—দুই ধরনের জ্বালানিই রয়েছে, যা দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, এ চালানে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে। ইতোমধ্যে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে এবং এটি শিগগিরই চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে ভিড়বে।
অন্যদিকে, পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, কেম্যান আইল্যান্ডের ‘এমটি নেভি সিয়েলো’ এবং চীনের ‘এমটি লিয়ান সং হো’—এই তিনটি জাহাজ বর্তমানে বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে। এসব জাহাজে আনা জ্বালানির মধ্যে ‘এমটি কেপ বনি’ ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল, ‘এমটি নেভি সিয়েলো’ ২৭ হাজার ৩৬৩ টন অকটেন এবং ‘এমটি লিয়ান সং হো’ ৪১ হাজার ৯০৭ টন ডিজেল বহন করে এনেছে।
বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ১৭ এপ্রিল চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে এবং চলতি সপ্তাহে আরও কয়েকটি জ্বালানি তেলের চালান আসার কথা রয়েছে। এতে দেশের জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না বলে আশা করা হচ্ছে।
ভেসেল ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এসব জাহাজ মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর ও ভারতের শিখা বন্দর থেকে যাত্রা করে নির্ধারিত সময়ে চট্টগ্রামে পৌঁছেছে।