নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
সোমবার (৩ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবদহ এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে এসে কালেক্টরেট চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম পরিষদের সদস্য সচিব চৈতন্য পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম উর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভবদহ অঞ্চলের মানুষ জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী খননসহ পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না নিলে ভবদহের জলাবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।
জলাবদ্ধতা নিরসনে নদী খননের পাশাপাশি টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়ন, দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার এবং খর্নিয়া ব্রিজের পাশে আড়বাঁধসহ ভরাট হয়ে যাওয়া পলি দ্রুত অপসারণ করতে হবে।
কর্মসূচি শেষে আন্দোলনকারীরা যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের কাছে স্মারকলিপি জমা দেন। ভবদহের জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা কর্মসূচি শেষ করেন।