উপজেলা প্রতিনিধি
সোমবার (৩১ আগস্ট), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বালিপাড়া সড়কের পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ী মোড় এলাকায় যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। একই সড়কের শিমুলতলী এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন অপর এক পথচারী নারী।
নিহতরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের হোসনে আরা (৬০) এবং ত্রিশালের বীররামপুর গ্রামের মারিয়া খাতুন (২৫)।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে শিমুলতলী এলাকায় পিকআপের ধাক্কায় মারিয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ঠাকুরবাড়ির মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
ত্রিশাল থানার এসআই পলাশ বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।