মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শনিবার (১২ সেপ্টেম্বর)
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক ও আন্তর্জাতিক সীরাত মাহফিলের সমাপনী আজ শনিবার। বিভিন্ন পর্বের আলোচনা শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ফজরের নামাজের আগে এবারের আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। সমাপনী দিনে মাহফিল প্রাঙ্গণে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম প্রত্যাশা করছেন আয়োজকরা।
সমাপনী দিনকে ঘিরে চুনতির ঐতিহাসিক সীরাত ময়দানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের আগমন শুরু হয়েছে। দীর্ঘ ১৯ দিনের এই আয়োজনের শেষ দিনে ধর্মীয় আলোচনা, নসিহত ও দোয়া-মোনাজাতকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
আয়োজকদের সূচি অনুযায়ী, সমাপনী দিনের বিভিন্ন পর্বে সীরাতুন্নবী (সা.)-এর শিক্ষা, মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ইসলামী জীবনব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। দেশ-বিদেশের বিশিষ্ট আলেম ও সীরাতপ্রেমী বক্তাদের আলোচনায় মাহফিল প্রাঙ্গণ মুখর হয়ে উঠবে।
মাহফিলের শেষ পর্বে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। দীর্ঘ ১৯ দিনের এই ধর্মীয় আয়োজনের সমাপ্তি মুহূর্তে মাহফিল প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন অংশগ্রহণকারীরা।
চুনতির এই ঐতিহাসিক সীরাত মাহফিল দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে আছে। প্রতিবছর এর বিভিন্ন পর্বে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটে। এবারও ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মাহফিলটি শেষ হতে যাচ্ছে।