নিউজ ডেস্ক
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ৫২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ওপর সামরিক হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুইবার ফোন করে এই অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, হুতিদের বিরুদ্ধে এই মুহূর্তে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই ট্রাম্প প্রশাসনের। তবে ইয়েমেনে সংঘাত বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন উদ্বিগ্ন এবং সৌদি আরবকে সহযোগিতা জোরদার করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
ইয়েমেনের সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে সমর্থন দিলেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে অনিচ্ছুক। মার্কিন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি কর্মকর্তাদের জানিয়েছেন, ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী ইরানকে ঘিরে চলমান সংঘাত ও হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করাই মার্কিন বাহিনীর প্রধান অগ্রাধিকার। ইয়েমেনে নতুন কোনো যুদ্ধফ্রন্ট খুলতে চায় না ওয়াশিংটন।
এই পরিস্থিতি পর্যালোচনায় জরুরি সমন্বয় বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সৌদি আরব সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার।
এর আগে জুলাই মাসের শুরুতে ইয়েমেনে উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করে। সানা আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের একটি বেসামরিক বিমান অবতরণ ঠেকাতে সৌদি যুদ্ধবিমান হুতি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও হুমকি অব্যাহত রয়েছে, যা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। হুতিদের মোকাবিলায় সৌদি আরব আন্তর্জাতিক জোট গঠনেরও চেষ্টা করছে বলে জুলাই মাসে জানিয়েছিল রয়টার্স।