নিউজ ডেস্ক
শনিবার (১২ সেপ্টেম্বর) ২০২৬, দুপুর ১২টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরাক থেকে সৌদি আরবের কৌশলগত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়েছে। শুক্রবারের এই হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ইরাক থেকে আসা কয়েকটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এতে পাইপলাইন ও সংশ্লিষ্ট স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জ্বালানি মন্ত্রণালয় পাইপলাইনটির কার্যক্রম বন্ধ করে দেয়।
সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন।”
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন ঝুঁকিপূর্ণ হওয়ায় সৌদি আরব এই পাইপলাইনের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। উপসাগরীয় অঞ্চলের আবকাইক থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি তেল সরবরাহের অন্যতম বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়।
ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কার্যালয় জানায়, সৌদি আরবে হামলার উৎস হিসেবে মাইসান প্রদেশের একটি স্থান চিহ্নিত হওয়ার পর সেখানকার দায়িত্বরত কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরাকের প্রধানমন্ত্রীর অনুরোধে আপাতত হামলার সরাসরি জবাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। তবে দেশটি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।