নিউজ ডেস্ক
বুধবার (১৬ সেপ্টেম্বর), দুপুর ১২টা ১২ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ইরানের মাশহাদ থেকে কেরমানশাহগামী সেপেহরান এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় মাঝ আকাশে তীব্র কম্পন ও কেবিনের ছাদ খুলে পড়ার ঘটনা ঘটেছে। উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করে বিমানটি নিরাপদে মাশহাদ বিমানবন্দরে ফিরিয়ে আনেন। এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু গুরুতর আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি উড্ডয়নের পরপরই একটি চাকার টায়ার খুলে যায়। ধারণা করা হচ্ছে, টায়ারের বিচ্ছিন্ন অংশ ইঞ্জিনে ঢুকে পড়ায় তীব্র কম্পন শুরু হয়। এতে বিমানের কেবিনের ওপরের লাগেজ রাখার খোপ ও ছাদের আবরণ খুলে পড়ে যায়।
যাত্রীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পনের সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। কেবিনের ছাদ ও লাগেজ রাখার অংশ খুলে পড়ায় যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র আসন ও চলাচলের পথের ওপর ছড়িয়ে পড়ে। এতে কিছু যাত্রী সামান্য আঘাত পান বলে জানা গেছে।
বিমানটি মাশহাদ বিমানবন্দরে অবতরণের সময় জরুরি সেবাদানকারী কর্মীরা প্রস্তুত ছিলেন। শেষ পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই বিমানটি নিরাপদে অবতরণ করে।
কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। বিমানের টায়ার খুলে যাওয়ার সঙ্গে ইঞ্জিনের সমস্যার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।