নিজস্ব প্রতিবেদক
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি হেলিকপ্টারে পালিয়ে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন। শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ১১ দলীয় জোটের ঢাকা টু রংপুরমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যারা অতীতে গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের স্থান হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। এরশাদও সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বাছাই করে নিতে হবে।
তিনি আরও বলেন, লং মার্চের পক্ষে যে গণজোয়ার শুরু হয়েছে, তা প্রতিরোধ করতে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। এ কাজে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সিটি কর্পোরেশনও যোগ দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এই লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব নয়। দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সকল দফা কোথায় এসে ঠেকবে, এক দফায়। সেটার জন্য প্রস্তুত হন।
উল্লেখ্য, ১১ দলীয় জোটের এই লংমার্চ ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সমাবেশে জোটের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।