মাহাবুল ইসলাম অভি, গাজীপুর প্রতিনিধি
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬), সন্ধ্যা ৭টা ১৬ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিরোধী ১১ দলীয় ঐক্য জোটের ৮ দফা দাবির সমর্থনে ঢাকা থেকে রংপুরগামী লংমার্চ ও পথসভা গাজীপুর মেট্রোপলিটন এলাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে লংমার্চটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকায় প্রবেশ করে এবং সকাল ১০টায় ভোগড়া বাইপাস এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় জোটের নেতৃবৃন্দ তাদের ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। সংক্ষিপ্ত এই কর্মসূচির পর লংমার্চটি পুনরায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, এই লংমার্চ ও পথসভায় আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।
জিএমপি সূত্র জানায়, লংমার্চ ও পথসভা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।