মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
সোমবার (২১ সেপ্টেম্বর), ২০২৬ | সকাল ৯টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটির কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ২৫ জন ফরেস্ট গার্ডের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ‘বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ’ শুরু হয়েছে। বন ব্যবস্থাপনা, সংরক্ষণ ও বনসম্পদ রক্ষায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাজ্জাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন সদর রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।
প্রশিক্ষণে অংশ নেওয়া ফরেস্ট গার্ডদের বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা, বন্যপ্রাণী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বন বিভাগের কর্মকর্তারা জানান, বনাঞ্চল রক্ষা ও বনসম্পদের টেকসই ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বন বিভাগের কর্মকর্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ফরেস্ট গার্ডদের দায়িত্ব পালনের সক্ষমতা বৃদ্ধি পাবে। এর ফলে তারা বন সংরক্ষণ কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।