রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দেশের অন্যান্য প্রত্নসমৃদ্ধ স্থানের মতো ময়মনসিংহের গৌরীপুরেও পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও এসিক এসোসিয়েশনের এর উদ্যোগে ক্রিয়েটিভ এসোসিয়েশন এর সহযোগিতায় দিনটি পালন উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার প্রাচীন নিদর্শন ও ঐতিহাসিক স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবিতে রবিবার (২৭ সেপ্টেম্বর,২০২৬) দুপুর ১২ টায় ৩০ মিনিটে গৌরীপুর জমিদারবাড়ির বর্তমানে গৌরীপুর মহিলা কলেজের প্রাচীন ভবনের সামনে ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি ও এসিক এসোসিয়েশনের যৌথ উদ্যোগে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুই দিনব্যাপী কর্মসূচী হিসেবে এর আগের দিন শনিবার (২৬ সেপ্টেম্বর,২০২৬) সকাল ১১ টায় ঐতিহাসিক ধান মহালস্থ ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির মিলনায়তনে সংগঠনগুলোর উদ্যোগে ডিসপ্লে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবারের সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ও সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক মো. আনোয়ার হোসেন, গৌরীপুর উপজেলা বিএনপি কমিটির সদস্য ও উপজেলা শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক মীর হোসেন মিরন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, সাবেক সভাপতি মহসিন মাহমুদ শাহ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল গফুর, সাংবাদিক মোহাম্মদ সাইফুল আলম, সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সাংবাদিক মো. দিলীপ কুমার দাস এবং এসিক ইয়ুথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহাদাৎ শাহ প্রমুখ।
বক্তারা বলেন, ময়মনসিংহের উত্তরের জনপদ গৌরীপুর রাজা-জমিদারদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এখানে রয়েছে ৭৭টি হেরিটেজ সাইটের মধ্যে মুঘল-সুলতানি ও ইংরেজ আমলের বহু প্রাচীন নিদর্শন, ১২টি জমিদারবাড়ির ইতিহাস ও নিদর্শন, প্রাচীন মসজিদ, ঐতিহাসিক দীঘি, মন্দির, মধ্যযুগের মাজার, দু’টি কেল্লা বা ফোর্টের ধ্বংসাবশেষ ও ইতিহাসখ্যাত ব্যক্তিবর্গের সমাধি।
এ ছাড়াও রয়েছে প্রাচীন পূর্ব বাংলার গীতিকার দ্বারা সমৃদ্ধ বীরাঙ্গনা সখিনার ইতিহাস ও তার সমাধি, মুঘল আমলের খাজা উসমান খাঁর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্রাচীন কেল্লার নিদর্শন। এই স্থাপনাগুলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পুরাকীর্তির তালিকাভুক্ত করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানানো হয়।
সমাবেশের শেষে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন পাপ্পার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।