Princh Mondal Olif / বাগেরহাট প্রতিনিধি
বুধবার (৩০ সেপ্টেম্বর), বিকেল ৪টা ৩৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে সশস্ত্র হামলার পর নিখোঁজ হওয়া ২১ জেলের সন্ধান পাঁচ দিনেও মেলেনি। নিখোঁজ জেলেদের উদ্ধারে সুন্দরবনের নদী ও খালগুলোতে কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে এবং দুর্গম বনাঞ্চলে অপহরণকারীদের অবস্থান শনাক্তে ড্রোন ব্যবহার করছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বিভিন্ন এলাকায় জেলেদের ওপর হামলার পর তাঁদের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, নারকেলবাড়িয়া, আমড়ারিয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকার আশপাশে মাছ ধরার সময় কয়েকটি নৌকা ও ট্রলারে এই হামলার ঘটনা ঘটে। সশস্ত্র ব্যক্তিরা জেলেদের জিম্মি করে মাছ ধরার সরঞ্জাম ও মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও কয়েকটি মুঠোফোনও ছিনিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্থানীয় কয়েকটি সূত্র ঘটনার সঙ্গে মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের সম্পৃক্ততার সন্দেহ প্রকাশ করে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বাহিনীর নাম নিশ্চিত করেনি।
নিখোঁজ জেলেদের স্বজনেরা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে তাঁরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। দ্রুত অভিযান চালিয়ে তাঁদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান স্বজনেরা। স্থানীয় মহাজনদের কয়েকজনও নিখোঁজ জেলেদের উদ্ধারে নিজেদের মতো করে যোগাযোগের চেষ্টা করছেন।
নিরাপত্তা ব্যবস্থা ও বন বিভাগের বক্তব্য
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরীফুল ইসলাম বলেন, “নিখোঁজ জেলেদের এখনো সন্ধান পাওয়া যায়নি। কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। নিরাপত্তার জন্য জেলেদের দলবদ্ধ হয়ে চলাফেরা এবং রাতে বন বিভাগের অফিস বা টহল ফাঁড়ির কাছাকাছি অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।”
নিখোঁজ ২১ জেলের সন্ধান না মেলায় সুন্দরবনে থাকা অন্য জেলেদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। তাঁরা নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে বন বিভাগ ও কোস্ট গার্ডের টহল বাড়ানোর দাবি জানান।