জেলা সংবাদদাতা, ফেনী
বুধবার (৩০ সেপ্টেম্বর) ২০২৬, রাত ৮টা ২০ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনব্যাপী সফরে তিনি পরশুরামে দেড় হাজার কোটি টাকা ব্যয়ে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন। এরপর ফুলগাজীতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পরশুরামে প্রকল্পের উদ্বোধন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। দুপুরে ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ করবেন তিনি। এরপর জেলা পরিষদের ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। একই অনুষ্ঠানে তিনি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে সফল করতে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী সভাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ বলেন, জেলায় মোট ৫ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। এর মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড গ্রহণ করবেন এবং বাকিরা পর্যায়ক্রমে পাবেন।
ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম জানান, ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্ড গ্রহণ করবেন, বাকিদের কার্ডের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।
ফেনীর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব বলেন, জেলায় ২৭৫ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় উপাসনালয়ের ব্যক্তিকে সম্মানী প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্য থেকে ১০ জন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মানী গ্রহণ করবেন।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফর নির্ধারিত থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর পুনর্নির্ধারণ করা হয়।