উপজেলা সংবাদদাতা
বুধবার (৩০ সেপ্টেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা মোড়ের ‘হোসেন আলী ট্রেডার্স’ নামের দোকানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে দোকানটিতে নামসর্বস্ব ও নকল কোম্পানির মেয়াদোত্তীর্ণ ভেজাল সয়াবিন তেল বিক্রির সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করার অপরাধে দোকানের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত ভেজাল তেল ধ্বংস করার নির্দেশ দেন। অভিযানে স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “জনস্বাস্থ্যে ঝুঁকি এড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”