মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি
রবিবার (৪ অক্টোবর) ২০২৬, সন্ধ্যা ৭টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসী কার্যক্রম, চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ৯ জনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) পুলিশের পৃথক আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিদের মধ্যে দুই কিশোরকে সংশোধনের সুযোগ দিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোহাম্মদ জুনায়েদ, মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ হৃদয়কে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ জুনায়েদ রাঙামাটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে পুলিশ নিশ্চিত করেছে।
চুরির অভিযোগে মোঃ রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও কারবারের অভিযোগে জেকিসন তংচঙ্গা, পবিত্র চাকমা, মোঃ জাহিদ ও মোঃ ইউসুফকে আটক করা হয়। এর মধ্যে ইউসুফকে তার স্ত্রীর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করে পুলিশ। অভিযানে মাদক সেবনের সন্দেহে জাহিদ আলম নামে এক কিশোরকেও আটক করা হয়।
কোতয়ালী থানা পুলিশ জানায়, আটক দুই কিশোরের পরিবারের সদস্যরা তাদের সংশোধনের সুযোগ দেওয়ার অনুরোধ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই-বাছাই শেষে অভিভাবকদের মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন বলেন, “আটক প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”