শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এলাকায় অভিযান চালিয়ে ৭৮ লক্ষ টাকা মূল্যের চার বোতল জে অ্যান্ড বি মার্টিনি নামের মাদকদ্রব্য জব্দ করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০ টার সময় শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে একটি টহলদল কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কোমপুর এলাকা থেকে জে অ্যান্ড বি মার্টিনি নামক মাদকদ্রব্য জব্দ করে।
পরবর্তীতে পরীক্ষার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে পাঠানো হয়। ল্যাব পরীক্ষার ফলাফল অনুযায়ী, এসব দ্রব্য হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে জানা যায়। পরীক্ষা শেষে মঙ্গলবার (২০ অক্টোবর) ১৭ বিজিবি তথ্য জানান।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, বোতলগুলোর গায়ে উল্লেখিত মূল্য ১৫ লাখ ভারতীয় রুপি। বাংলাদেশি মুদ্রায় প্রতি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা হিসেবে চার বোতলের মোট সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি, সিগন্যালস এ তথ্য জানিয়েছেন।