নিউজ ডেস্ক
শনিবার (২৪ অক্টোবর, ২০২৬), রাত ৮টা ১৭ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের ক্ষেত্রে সাদপন্থিদের অনুমতি না দেওয়ার সরকারি সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখরা। শনিবার (২৪ অক্টোবর) টঙ্গীর ইজতেমা ময়দানে আয়োজিত এক জাতীয় পরামর্শ সভায় এই দাবি জানানো হয়। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিলের আহ্বান জানান তারা।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত এই সভায় ৬৪ জেলার নেতৃস্থানীয় আলেম ও মুরুব্বিরা অংশ নেন। সভায় বিশ্ব ইজতেমা-২০২৭ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সরকারের পক্ষ থেকে সাদপন্থিদের তিন দিন ময়দান ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে তারা সরকারের কাছে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরার সিদ্ধান্ত নেন।
২০২৫ সালের পর সাদপন্থিদের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়ে সরকারের পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখতে হবে। পাশাপাশি ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীতে সংঘটিত ঘটনায় দায়ের করা হত্যা মামলাগুলোর তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগপত্র দাখিল করতে হবে।
সভায় জানানো হয়, টঙ্গীর ঘটনার মামলাগুলো বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। ওলামায়ে কেরাম দাবি করেন, এসব মামলার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
কর্মসূচি ও পরবর্তী পদক্ষেপ
প্রেস ব্রিফিংয়ে বক্তারা জানান, সাদপন্থিদের ইজতেমা আয়োজনের বিষয়টি সামনে রেখে দেশের বিভিন্ন মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হলে বা কোনো বিশৃঙ্খলা দেখা দিলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সভায় মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা শাহ সাজিদুর রহমান, মাওলানা আব্দুল হামিদ পীরসাহেব মধুপুরসহ দেশের বিশিষ্ট আলেম ও মুরুব্বিরা উপস্থিত ছিলেন।