নিউজ ডেস্ক
শনিবার (২৪ অক্টোবর), রাত ৮টা ৫১ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
গোপালগঞ্জের সদর উপজেলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় লাঠিসোঁটা নিয়ে চালানো এ হামলায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিয়মিত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর এই হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের দিকে এগিয়ে যান এবং অকথ্য ভাষায় গালাগাল করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, রঘুনাথপুর খেয়াঘাটের চরপাড়া এলাকায় নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় হঠাৎ মিছিল নিয়ে এসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে পুলিশের উপপরিদর্শক মো. ফুল মিয়াসহ দুজন আহত হন।
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা হাতে একদল লোক স্লোগান দিয়ে পুলিশের দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।