জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
শনিবার (২১ নভেম্বর), বেলা ৩টা ২৯ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা পাওয়া গেছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল ৭টায় মসজিদের ১০টি স্থায়ী সিন্দুক ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খুলে ১৫ বস্তা টাকা উদ্ধার করা হয়। এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা পড়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।
শনিবার সকাল সাড়ে ৯টায় পাগলা মসজিদ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ গত ২৭ জুন দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৫৬ টাকা পাওয়া গিয়েছিল।
দানবাক্স থেকে পাওয়া অর্থ গণনা শেষে ব্যাংকে জমা দেওয়া হয়। এছাড়া দান হিসেবে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। গত ১২ অক্টোবর সিলগালা খোলার পর গণনা করে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “আধুনিক মসজিদ কমপ্লেক্স নির্মাণের অংশ হিসেবে বর্তমান মসজিদ কমপ্লেক্স ও কবরস্থানের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি মসজিদের নামে কেনা হয়েছে। কমপ্লেক্সের নান্দনিক নকশা প্রণয়নের কাজও শেষ পর্যায়ে রয়েছে।”
তিনি আরও জানান, মসজিদের তহবিল থেকে মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ বহন করা হয়। এ ছাড়া মসজিদের ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসার সদস্যের বেতন, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে অর্থ ব্যয় করা হয়। জমাকৃত অর্থের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসার জন্যও অনুদান দেওয়া হয়। পাগলা মসজিদের মাদরাসা থেকে এ পর্যন্ত ২৫০ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।
টাকা গণনার কাজে জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০ জন, পাগলা মসজিদ মাদরাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মচারী অংশ নেন। সার্বিক নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা দায়িত্ব পালন করেন।