নিউজ ডেস্ক
সোমবার (২৩ নভেম্বর), ২০২৬
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামে সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের এই প্রস্তাব অনুমোদন করে।
গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এই নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। এছাড়া শিকাগোর স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
সড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। এখন থেকে এই ঐতিহাসিক ভবনের পাশেই শোভা পাবে বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কটির নামফলক।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ নামে। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে ও স্থানীয় কমিউনিটির সহায়তায় এই নামকরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে।