সংবাদদাতা
সোমবার (২৩ নভেম্বর), ২০২৬ | রাত ৮টা
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সিলেটের মৌলভীবাজার জেলায় প্রায় ২০০ বছর ধরে বসবাস করছে মণিপুরি মুসলিম বা পাঙাল জনগোষ্ঠী, যারা বাংলাদেশের একমাত্র ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র-নৃগোষ্ঠী হিসেবে পরিচিত। কমলগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি গ্রামে বর্তমানে প্রায় ১১ হাজার পাঙাল মুসলিম বসবাস করেন। নিজস্ব ভাষায় কথা বললেও তারা মূলত সুন্নি মতাদর্শের অনুসারী।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ১৬০৬ সালে সিলেটের তরফ অঞ্চলের পাঠান শাসক খাজা ওসমানের সৈনাধ্যক্ষ মোহাম্মদ সানীর নেতৃত্বে একদল মুসলিম সৈন্য মণিপুরে অভিযান চালায়। মণিপুরের রাজা খাগেম্বার সঙ্গে সন্ধির পর এই বাহিনী সেখানে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। স্থানীয়দের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তারা পাঙাল বা মণিপুরি মুসলিম হিসেবে পরিচিতি লাভ করে।
পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মণিপুর রাজ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজপরিবারের কলহ শুরু হয়। উনবিংশ শতাব্দীর শুরুতে (১৮১৯-১৮২৫) বার্মার সৈন্যরা মণিপুর আক্রমণ করলে সেখানকার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ বাঁচাতে রাজ্য ত্যাগ করে। তারা আসাম, ত্রিপুরা, মেঘালয়, বার্মা এবং বাংলাদেশের সিলেটে এসে স্থায়ীভাবে আশ্রয় নেয়।