নিউজ ডেস্ক
বুধবার (২৫ নভেম্বর), ২০২৬ | বিকেল ৩:২৭
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। দীর্ঘ ১০ ঘণ্টার আলোচনার পর বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে এই নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করা হয়, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে এই সভা শুরু হয়। রাত দেড়টার দিকে সভা শেষ হলে বোর্ডের একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
নতুন কাঠামো অনুযায়ী, সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, যা আগে ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে মোট মজুরি দাঁড়িয়েছে ২০ হাজার টাকা, যা আগে ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে নতুন মজুরি হয়েছে ১৯ হাজার ২০০ টাকা, যা আগে ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ ১৭ হাজার টাকা এবং শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার প্রস্তাব দেয়। উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকলে বোর্ডের চেয়ারম্যান ভোটাভুটির আয়োজন করেন। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়, যেখানে আগের তুলনায় ৪ হাজার ৫০০ টাকা বেড়েছে।
বৈঠক শেষে ভোররাত ৪টায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি সাংবাদিকদের বলেন, “মোট মজুরির মধ্যে মূল মজুরি কত কিংবা বাড়ি ভাড়া কত হবে, সেগুলো চূড়ান্ত করতে আজ বুধবার মজুরি বোর্ডের বৈঠক হবে।”