নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৬ নভেম্বর), বিকেল ৪টা ৪৫ মিনিট
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের কপিস্ট ইসমাইল হোসেনের বিরুদ্ধে লাইসেন্সবিহীন স্ট্যাম্প বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। তার কাছ থেকে কেনা ২০ টাকার কোর্টফি জাল বলে প্রমাণিত হওয়ার পর পুরো অফিসপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। কার ছত্রছায়ায় একজন সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ট্যাম্প বিক্রির কোনো বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্ট্যাম্প বিক্রি করে আসছেন। ভুক্তভোগী এক গ্রাহক জানান, ইসমাইল হোসেনের কাছ থেকে কেনা ২০ টাকার কোর্টফি পরবর্তীতে অন্য জায়গায় জমা দিতে গেলে তা জাল হিসেবে শনাক্ত হয়। এতে ওই গ্রাহক আর্থিক ক্ষতির পাশাপাশি আইনগত জটিলতার মুখে পড়েছেন।
সংশ্লিষ্টদের আশঙ্কা, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে একটি সংঘবদ্ধ অসাধু চক্র সক্রিয় থাকতে পারে, যারা জাল স্ট্যাম্প বাজারে ছেড়ে সরকারকে বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত করছে। জমি রেজিস্ট্রিসহ গুরুত্বপূর্ণ সরকারি দলিলে জাল স্ট্যাম্প ব্যবহৃত হলে তার বৈধতা নিয়েও বড় ধরনের সংকট তৈরির সম্ভাবনা রয়েছে।
সচেতন মহলের দাবি, অবিলম্বে যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসে বৈধ লাইসেন্সধারী স্ট্যাম্প বিক্রেতাদের তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে জাল স্ট্যাম্পের উৎস অনুসন্ধান করে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। আমি কোনো স্ট্যাম্প বা কোর্টফি বিক্রি করি না।”