বেনাপোল প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি রক্ষা ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে বেনাপোলে যুবদলের জরুরি কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল হোটেল সানরুফে এই কর্মীসভা বসে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় আগামী দিনের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। দলের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীককে বিজয়ী করাই এখন প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, “নির্বাচনকে বানচাল করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। একটি নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা।