বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
দীর্ঘ বিরতির পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রথমবারের মতো সিনেমায় অভিনয় শুরু করেছেন। সরকারি অনুদানপ্রাপ্ত দুটি চলচ্চিত্রে তাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে।
শনিবার (৩০ আগস্ট) গাজীপুরের হোতাপাড়ায় অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘দেনা পাওনা’-এর শুটিংয়ে অংশ নেন প্রভা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। এতে প্রভার চরিত্রের নাম নিরুপমা, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মামনুন হাসান ইমন। ২০২২-২৩ অর্থবছরে ছবিটি ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে।
এর পাশাপাশি, ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’-এর শুটিংয়ের প্রথম লটও শেষ করেছেন প্রভা। এ ছবিতেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। প্রভার সহশিল্পী হিসেবে রয়েছেন এ বি এম সুমন। ছবিটি একই অর্থবছরে ৫৮ লাখ টাকা অনুদান পেয়েছে।
নতুন কাজ নিয়ে প্রভা বলেন, অনেক দিন আগে থেকেই সিনেমাগুলোতে যুক্ত ছিলেন তিনি, তবে রাজনৈতিক কারণে আগেভাগে ঘোষণা দেননি। প্রভার আশা, দুটি ছবিতেই দর্শকরা তাকে নতুন রূপে আবিষ্কার করবেন।
সবকিছু ঠিক থাকলে এ বছরেই ‘দেনা পাওনা’ ও ‘দুই পয়সার মানুষ’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।