বিডিটেলিগ্রাফ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও সামরিক বাহিনীর কর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গুমের অভিযোগে দুই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত আসামিদের ২২ অক্টোবরের মধ্যে গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছে। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
একটি মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এবং অন্য মামলায় একই দুজনসহ ১৩ জনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনার নির্দেশে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল (টিএফআই) ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বিরোধী মতাবলম্বীদের গুম করে আটক রাখত।
শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে উঠে এসেছে যে শেখ হাসিনা বিরোধী পক্ষকে দমন ও ফ্যাসিস্ট শাসন টিকিয়ে রাখতে গুমকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তিনি আরও বলেন, গত ১৬ বছরে অন্তত ছয়টি সংস্থা তিন ধাপে গুমের ঘটনা ঘটিয়েছে, যার মধ্যে ডিজিএফআই ও র্যাবের গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা জড়িত ছিলেন। তদন্ত প্রতিবেদনে গুম কমিশনের রিপোর্টও সংযুক্ত করা হয়েছে।
শুনানি শেষে গুমের শিকার ব্যক্তিরা ট্রাইব্যুনালের কাছে ন্যায়বিচারের আহ্বান জানান। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।